রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) অঞ্চলটির গভর্নর এ তথ্য জানিয়েছেন।
চার বছরের যুদ্ধ চললেও সঙ্ঘাত থামার কোনো লক্ষণ নেই। উভয় পক্ষই পরম্পরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী ড্রোন দিয়ে সিজরান শহরে হামলা চালাচ্ছে।’
তিনি জানান, হামলায় দু’জন নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন।
সিজরান শহরে রাশিয়ার একটি বড় তেল শোধনাগার রয়েছে।
ওয়াশিংটনের নেতৃত্বে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ চললেও তা অচলাবস্থায় রয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ ইরানের বিরুদ্ধে যুদ্ধের দিকে সরে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।
সূত্র: বাসস



