ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে গত রাতে রুশ হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয়ই হামলা জোরদার করেছে। এর মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহর ও জনপদে দূরপাল্লার হামলা বাড়িয়েছে মস্কো।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, গত রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের আবাসিক এলাকা ও গুদামগুলোতে আঘাত হেনেছে।
শহরের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আবাসিক ভবন, একটি চিকিৎসাকেন্দ্র ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পাঁচজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
কিয়েভের আশপাশের বৃহত্তর অঞ্চলের ব্রোভারি জেলায় পৃথক হামলায় একজন পুরুষ নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর তিমুর তকাচেঙ্কো।
তিনি বলেন, ‘একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে সংশ্লিষ্ট সব সেবা সংস্থা ঘটনাস্থলে কাজ করছে।’
ইউক্রেনের বিমানবাহিনী রাজধানীর দিকে এগিয়ে আসা ‘কালিবর’ ক্ষেপণাস্ত্রের উপস্থিতি সম্পর্কে সতর্ক করেছিল। এগুলো কিয়েভ অঞ্চলের কাহারলিক গ্রামের আশপাশে শনাক্ত করা হয়।
কিয়েভে প্রায় প্রতি রাতেই হামলা হচ্ছে। এর পাশাপাশি গত কয়েক মাসে রাশিয়ার ওপর পাল্টা হামলাও জোরদার করেছে ইউক্রেন। প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের পর মস্কোকে আলোচনার টেবিলে বসতে চাপ দেয়ার লক্ষ্যেও এসব হামলা চালানো হচ্ছে।
সূত্র: বাসস



