গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে আজ (শুক্রবার) ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩ কিলোমিটার (আট মাইল) গভীরে। এটি ক্রিট দ্বীপের উপকূলীয় শহর ইয়েরাপেত্রা থেকে প্রায় সাড়ে ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
ইউএসজিএস-এর তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৬টা ১৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় দ্বীপসমৃদ্ধ এই দেশটিতে ২০২৫ সালেও বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হানে।
উল্লেখ্য, গত জুনে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্পে গ্রিসের উত্তরাঞ্চলে ধর্মীয় নগরী হিসেবে মাউন্ট অ্যাথোসে শতাব্দীপ্রাচীন অন্তত তিনটি মঠ ক্ষতিগ্রস্ত হয়। সূত্র : বাসস



