ফ্রান্সে জুনের শেষ দিকে হওয়া তীব্র তাপপ্রবাহে প্রায় নয় হাজার জনের মৃত্যু হয়েছে। ২২ থেকে ২৮ জুনের মধ্যে তাদের মৃত্যু তথ্য ইলেকট্রনিকভাবে নিবন্ধিত হয়েছে। এছাড়াও তাপপ্রবাহের সময় অতিরিক্ত দুই হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩ জুলাই) সংবাদমাধ্যম বিএফএমটিভি এ তথ্য প্রকাশ করে। দেশটির জাতীয় পরিসংখ্যান ও অর্থনৈতিক গবেষণা সংস্থা (আইএনএসইই) এ তথ্য জানিয়েছে।
ফরাসি স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেছেন, এই পরিসংখ্যান এখনো অস্থায়ী, কারণ ইলেকট্রনিক মৃত্যু সনদ দেশব্যাপী নথিভুক্ত সব মৃত্যুকে অন্তর্ভুক্ত করে না।
কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, বর্তমান তথ্য সতর্কতার সাথে বিশ্লেষণ করা উচিত এবং এতে তাপপ্রবাহের প্রকৃত প্রভাব পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে।
কর্মকর্তাদের মতে, দেশব্যাপী প্রায় ৬০ শতাংশ মৃত্যু ইলেকট্রনিক মৃত্যু সনদের আওতায় পড়ে। তবে অঞ্চলভেদে এই হার ভিন্ন।
ফ্রান্সে বেশ কয়েকদিন ধরে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বিরাজ করছে। অনেক অঞ্চলে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের (৯৫ ডিগ্রি ফারেনহাইট) ওপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি


