সাময়িক বন্ধের পর ফের চালু মস্কোর ৪টি বিমানবন্দর

ড্রোন হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ থাকার পর রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। এরপর সোমবার ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

সূত্র : বাসস