মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে তার ‘পূর্ণ ও নিঃশর্ত সমর্থন’ জানিয়েছেন এবং আসন্ন নির্বাচনে তাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন।
এই নির্বাচন আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে, যেখানে অরবানের ১৬ বছরের শাসনের বিরুদ্ধে এবার একটি অভূতপূর্ব চ্যালেঞ্জ দেখা দিয়েছে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, অরবান ‘একজন সত্যিকারের শক্তিশালী ও প্রভাবশালী নেতা, যার সাফল্যের একটি সুপ্রমাণিত রেকর্ড রয়েছে।’ তিনি আরো বলেন, অবৈধ অভিবাসন রোধ, আইন-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে অরবান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ট্রাম্প লেখেন, ‘আমি ২০২২ সালের নির্বাচনে ভিক্টরকে সমর্থন জানাতে পেরে গর্বিত ছিলাম এবং আবারও তা করতে পেরে সম্মানিত বোধ করছি।’
আগামী ১২ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রাম্প হাঙ্গেরির জনগণকে ভিক্টর অরবানের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি তার সাথেই আছি।’
স্বাধীন জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থক হিসেবে পরিচিত অরবান ভোটের আগে তুলনামূলক ভাবে দুর্বল অবস্থানে রয়েছেন। ইউক্রেনের প্রতিবেশী দেশ হিসেবে হাঙ্গেরির এই পরিস্থিতি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।
এদিকে, বিচার বিভাগ, শিক্ষাঙ্গন, গণমাধ্যম ও নাগরিক সমাজে ভিন্নমত দমন এবং সংখ্যালঘুদের লক্ষ্য করে নীতি গ্রহণের অভিযোগে অরবান ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় সংস্থা ব্রাসেলসের সমালোচনার মুখেও রয়েছেন।
সূত্র : বাসস



