ইউক্রেনের লক্ষ্য থেকে পিছু হটবে না রাশিয়া : ট্রাম্পকে পুতিন

রুশ প্রেসিডেন্ট ফোনালাপে বলেন, রাশিয়া তার নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করবেই। বর্তমান পরিস্থিতি ও তীব্র সংঘাতের যে পরিচিত মূল কারণগুলো রয়েছে, সেগুলো দূর করাই রাশিয়ার উদ্দেশ্য, আর এই লক্ষ্য থেকে রাশিয়া পিছু হটবে না বলেও জানান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পকে পুতিন ফোনে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের একটি সমঝোতামূলক সমাপ্তি চায় মস্কো, তবে যুদ্ধ শুরুর মূল লক্ষ্য থেকে তারা পিছিয়ে আসবে না। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য জানিয়েছেন।

উশাকভ সাংবাদিকদের জানান, এই বিস্তৃত আলোচনায় ইরান ও মধ্যপ্রাচ্যের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। এ সময় ট্রাম্প আবারো ইউক্রেনে সামরিক কর্মকাণ্ড দ্রুত শেষ করার বিষয়টি উত্থাপন করেন।

তিনি আরো জানান, ‘ভ্লাদিমির পুতিন তার বক্তব্যে উল্লেখ করেছেন, আমরা এখনো সংঘাতের রাজনৈতিক ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে চলেছি।’

উশাকভ বলেন, গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দী ও নিহত সেনাদের বিনিময়সংক্রান্ত যে সমঝোতা হয়েছে, ট্রাম্পকে পুতিন সে বিষয়ে অবহিত করেছেন এবং মস্কো কিয়েভের সাথে আলোচনায় যেতে প্রস্তুত বলেও জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ফোনালাপে বলেন, রাশিয়া তার নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করবেই। বর্তমান পরিস্থিতি ও তীব্র সংঘাতের যে পরিচিত মূল কারণগুলো রয়েছে, সেগুলো দূর করাই রাশিয়ার উদ্দেশ্য, আর এই লক্ষ্য থেকে রাশিয়া পিছু হটবে না বলেও জানান তিনি।

ক্রেমলিনের পাঠানো বার্তায় এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে পুতিন ট্রাম্পের সাথে ফোনালাপের সময় মস্কোর অবস্থানে কোনো পরিবর্তন এনেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণ করেছিলেন ইউক্রেনে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে। তবে দুই পক্ষের অগ্রগতি না হওয়ায় তিনি প্রায়ই হতাশা প্রকাশ করেছেন।

সূত্র : রয়টার্স