গ্রিসে ৬.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

বৃহস্পতিবার গ্রিক দ্বীপপুঞ্জ ক্রিট ও সান্তোরিনিতে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

নয়া দিগন্ত অনলাইন

গ্রিক দ্বীপপুঞ্জ ক্রিট ও সান্তোরিনিতে বৃহস্পতিবার ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, ক্রিটের রাজধানী হেরাক্লিয়ন থেকে ৮২ কিলোমিটার উত্তর-পূর্বে ৬৮ কিলোমিটার গভীরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ফরাসি বার্তাসংস্থা এএফপির সূত্রে বাসস জানিয়েছে, অ্যাথেন্স ও মিসরেও ভূকম্পন অনুভূত হয়েছে।

গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানিয়েছে, রেথিমনো ও লাসিথির ক্রেটান অঞ্চলের অনেক বাসিন্দা সকাল ৬টার পরে ভূমিকম্পে জেগে ওঠেন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত তাদের ঘর থেকে বেরিয়ে আসেন।

অ্যাথেন্সের জাতীয় পর্যবেক্ষণাগারের জিওডায়নামিক্স ইনস্টিটিউটের জেনারেল ডিরেক্টর আথানাসিওস গানাস বলেন, ‘ভূমিকম্পটি খুব গভীরে অনুভূত হয়েছিল এবং বাসিন্দাদের উদ্বিগ্ন হওয়ার কোনো বিশেষ কারণ নেই।’

রাষ্ট্রীয় বার্তাসংস্থা এএনএ জানিয়েছে, ক্রিটে অগ্নিনির্বাপণ বিভাগের ইউনিটগুলোকে সাধারণ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মূল্যায়নের জন্য টহল দেয়া হচ্ছে।

পর্যটকদের কাছে জনপ্রিয় এ অঞ্চলটি সাম্প্রতিক মাসগুলোতে একাধিক ভূমিকম্পের কবলে পড়ে। সে সময় সান্তোরিনি ও পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জের স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।

গ্রীক মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্বে সাইক্লেডস গোষ্ঠীর সান্তোরিনি, আমোরগোস, আইওস ও আনাফি দ্বীপপুঞ্জের মধ্যে জানুয়ারি থেকে হাজার হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার বেশিভাগই কম মাত্রার।