ইউক্রেনে রুশ হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খেরসন অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর প্রোকুদিন বলেছেন, বুধবার খেরসন শহরে একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে (জিএমটি ০৫:৫০) এই হামলার ঘটনা ঘটে। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
অন্যদিকে আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ বলেন, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় আরেক রুশ হামলায় একজন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন।
জাতিসঙ্ঘ জানিয়েছে, চলতি বছর জুড়ে এই সংঘাতে বেসামরিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুধু গত মাসেই ইউক্রেনে ৪৩৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা ২০২২ সালের মে মাসের পর থেকে সর্বোচ্চ মাসিক মৃত্যুর সংখ্যা।
এদিকে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই মাসে ইউক্রেনের হামলায় ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যা আগের মাসের তুলনায় বেশি।
সূত্র: আল জাজিরা



