ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পূর্বের একটি জেলায় রাশিয়ার হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার এক আঞ্চলিক সামরিক কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনের রাজধানীর ওপর হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সাধারণত তারা স্বল্প সময়ের ঝটিকা আক্রমণে সহজে প্রতিহত করা যায় না এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক নিক্ষেপ করে, যা ভবনগুলোকে কাঁপিয়ে দেয় এবং সারা শহরে প্রচণ্ড শব্দ প্রতিধ্বনিত করে।
কিয়েভের উত্তর-পূর্বে ব্রোভারি জেলায় হামলায় এক শিশুসহ তিনজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন বলে টেলিগ্রামে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো।
তিনি বলেন, হামলার ফলে খসে পড়া ধ্বংসাবশেষ বাড়িঘর ও যানবাহনের ক্ষতি করেছে এবং একটি অনাবাসিক ভবনে আগুন লাগিয়ে দিয়েছে।
রাজধানীর ভেতরে এএফপির এক প্রতিবেদক প্রায় এক ডজন বিস্ফোরণের শব্দ শুনতে পান, যখন ইউক্রেনের বিমান বাহিনী ‘উত্তর দিক থেকে ব্যালিস্টিক অস্ত্র ব্যবহারের হুমকির’ বিষয়ে সতর্ক করে।
‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে,’ শহরের সামরিক প্রশাসন জানিয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
সূত্র : বাসস



