যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের সমর্থনে ব্যাপক বিক্ষোভ, গ্রেফতার ৪৬৬

মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন দেখানোর জন্য স্থানীয় সময় রাত ৯টা নাগাদ পার্লামেন্ট স্কোয়ারে ৪৬৬ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মকর্তারা এক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছেন
লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মকর্তারা এক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছেন |সংগৃহীত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে ৪৬৬ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, গত মাসে ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল।

শনিবার (৯ আগস্ট) লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে শত শত মানুষ জড়ো হয়ে গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের নিন্দা জানায়। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড ধরে আছে, সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে নিচ্ছে।

মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন দেখানোর জন্য স্থানীয় সময় রাত ৯টা নাগাদ পার্লামেন্ট স্কোয়ারে ৪৬৬ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভে আরো আটজনকে অন্যান্য অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে।

বিক্ষোভের আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ এক্সে জানায়, মানুষ গাজায় গণহত্যা ও প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ জানাচ্ছে। প্রায় ৮০০ জন মানুষ প্ল্যাকার্ড ধরেছিল এবং অর্ধেকেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সংগঠনটি এই ঘটনাকে মেট্রোপলিটন পুলিশের সর্বকালের বৃহত্তম গণগ্রেফতার হিসেবে চিহ্নিত করেছে।

এর আগে, জুলাই মাসে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর অধীনে ফিলিস্তিন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যে সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে অনুষ্ঠিত এটি সর্বশেষ বিক্ষোভ। গত জুনে এই সংগঠনের সদস্যরা একটি সামরিক বিমানঘাঁটিতে প্রবেশ করে দু’টি বিমান ক্ষতিগ্রস্ত করার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

২০০০ সালের সন্ত্রাসবাদ আইন অনুযায়ী, সংগঠনটির সদস্যপদ গ্রহণ বা সমর্থন এখন অপরাধ। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

সমালোচকদের মতে, প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার হরণের পাশাপাশি ইসরাইলের গাজা যুদ্ধবিরোধী আন্দোলন দমন করার কৌশল।

পার্লামেন্ট স্কয়ার থেকে আল জাজিরা জানায়, গ্রেফতার বা শাস্তির হুমকি প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকদের দমিয়ে রাখতে পারেনি। কেবল ‘আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা একটি টি-শার্ট পরা বা কাগজে লিখে রাখাও গ্রেফতারের কারণ হতে পারে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড ধরে রাখা বিক্ষোভকারীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে একে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের আন্তর্জাতিক অঙ্গীকারের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

সূত্র : আল জাজিরা