মস্কোতে ৪ শতাধিক ড্রোন হামলা ইউক্রেনের

ইউক্রেন গতরাতে রাশিয়ার মস্কো অঞ্চলের দিকে ৪০০টিরও বেশি ড্রোন হামলা করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, এর বেশিভাগই রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন
ড্রোন |সংগৃহীত

ইউক্রেন গতরাতে রাশিয়ার মস্কো অঞ্চলের দিকে ৪০০টিরও বেশি ড্রোন হামলা করেছে বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। তিনি বলেন, এর বেশিভাগই রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

সোমবার (২০ জুলাই) রাষ্ট্র-সমর্থিত সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেয়া এক পোস্টে সোবিয়ানিন বলেন, ‘স্থানীয় সময় রাত সাড়ে ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৪০০টিরও বেশি ইউক্রেনের ড্রোন মস্কো অঞ্চলের দিকে এগিয়ে আসে। এর বেশিভাগই দূরবর্তী এলাকায় আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে। মস্কোর কাছে পৌঁছানোর আগেই ৮৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।’

ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। কিয়েভের দাবি, চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের ওপর রুশ হামলার জবাব হিসেবেই এসব অভিযান চালানো হচ্ছে।

এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা তাস জানিয়েছে, মস্কো অঞ্চলে বিস্ফোরণে তিন বিদেশীসহ ছয়জন আহত হয়েছেন।

ডোমোদেদোভো হাসপাতালের বরাত দিয়ে তাস জানায়, ‘বিস্ফোরণে আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন বিদেশী নাগরিক।’

তবে আহতদের ঘটনাটি ড্রোন হামলার সাথে সরাসরি সম্পর্কিত কি-না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডোমোদেদোভো মস্কোর দক্ষিণে অবস্থিত। সেখানে রাশিয়ার রাজধানী মস্কোর অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

সূত্র: বাসস