ইউক্রেনে আবাসিক ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা, নিহত ১১

ইউক্রেনের গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করেই রাশিয়া বেশিভাগই আক্রমণগুলো চালিয়েছে। ফলে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের নিপ্রোতে রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
ইউক্রেনের নিপ্রোতে রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত

রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে রাতভর ৪৫০টির বেশি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন এবং ইউক্রেনের বেশকিছু অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন নিক্ষেপের পাশাপাশি আকাশ, স্থল ও সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ক্রেমলিন এসব গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে প্রায়ই হামলা চালায়।

ইউক্রেন জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাতভর আকাশপথে চালিত রুশ বাহিনীর ৫০৩টি হামলা শনাক্ত করেছে, যার মধ্যে ৪৫টি ক্ষেপণাস্ত্র ও ৪৫৮টি ড্রোন রয়েছে। বেশিভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেছে। এর মধ্যে মাত্র নয়টি সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং ৪০৬টি ড্রোনকে বাধা দেয়া হয়েছে।

ইউক্রেনের গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করেই রাশিয়া বেশিভাগই আক্রমণগুলো চালিয়েছে। ফলে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

গভর্নর ইভান ফেডোরভ বলেছেন, জাপোরিঝিয়া অঞ্চলের কয়েকটি জেলায় রাতভর রুশ হামলায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। যা একটি আবাসিক ভবন ও অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, দোনেৎস্কের দুটি জেলায় আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খেরসনের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন জানান, বেশ কয়েকটি বহুতল ভবন, ব্যক্তিগত বাড়ি ও যানবাহনের ওপর হামলায় আরো দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

কিয়েভের গভর্নর মাইকোলা কালাশনিক বলেন, ভিশহোরোদ জেলায় একটি হামলায় একজন নারী আহত হয়েছেন এবং বেসামরিক এলাকা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নিপ্রোর পূর্বাঞ্চলে একটি ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং শিশুসহ ১১ জন আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা