রোমানিয়ার প্রধানমন্ত্রী মনোনীত ভেস্তিয়াকে পার্লামেন্টের প্রত্যাখ্যান

গত মে মাসের শুরুতে উদারপন্থী প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়। এতে মধ্য-বামপন্থী ও কট্টর ডানপন্থী দলের সমর্থন ছিল।

নয়া দিগন্ত অনলাইন
আদ্রিয়ান ভেস্তিয়া
আদ্রিয়ান ভেস্তিয়া |সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ায় কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন ধাক্কা হিসেবে প্রধানমন্ত্রী মনোনীত উদারপন্থী রাজনীতিক আদ্রিয়ান ভেস্তিয়াকে সোমবার প্রত্যাখ্যান করেছে দেশটির পার্লামেন্ট।

প্রেসিডেন্টের মনোনয়ন পাওয়া ভেস্তিয়ার সরকার গঠনের জন্য পার্লামেন্টের দুই কক্ষ মিলিয়ে ২৩৩ ভোট প্রয়োজন ছিল। তবে সরকারি ভোট গণনা অনুযায়ী তিনি পান মাত্র ১৮৯ ভোট।

ভেস্তিয়ার প্রস্তাবিত মন্ত্রিসভা নিয়ে দিনব্যাপী বিতর্কের পর ভোটাভুটি শুরুর আগেই কয়েকজন আইনপ্রণেতা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

গত মে মাসের শুরুতে উদারপন্থী প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়। এতে মধ্য-বামপন্থী ও কট্টর ডানপন্থী দলের সমর্থন ছিল।

এরপর প্রথম মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী সরে দাঁড়ালে রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর দান ১৪ জুন ৫২ বছর বয়সী উদারপন্থী নেতা ভেস্তিয়াকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেন।

তবে বোলোজানের নেতৃত্বাধীন ভেস্তিয়ার নিজ দলই তাকে সমর্থন দিতে অস্বীকৃতি জানায়। এমনকি দল থেকে বহিষ্কারের হুমকিও দেয়।

ভেস্তিয়া সাবেক মেয়র ও আঞ্চলিক প্রশাসনের প্রধান ছিলেন। তিনি জাতীয় উন্নয়নমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি বলেন, সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেতে পার্লামেন্টের ‘পশ্চিমাপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর’ সাথে আলোচনা করবেন।

সোমবারের ভোটের আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের সমালোচক দেশটির সবচেয়ে বড় কট্টর ডানপন্থী দল এইউআরের সাথেও আলোচনা করেন।

পরাজয়ের পর তিনি ৯০ আসনের অধিকারী এইউআরকেই দায়ী করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার বিবেকের কাছে আমি পরিষ্কার। আমি আমার দায়িত্ব পালন করেছি।’

ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘সরকার ছাড়া ৪৭ দিন আমাদের জন্য বড় ক্ষতির কারণ হচ্ছে। এতে ইউরোপীয় তহবিল, আস্থা ও এমন সময় হারাচ্ছি, যা আর ফিরে পাওয়া যাবে না।’

তিনি আরো বলেন, ‘রাজনৈতিক হিসাব-নিকাশের চেয়ে দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেয়া উচিত বলে আমি এখনো বিশ্বাস করি।’

আগাম নির্বাচনের আশঙ্কা

মে মাসে বোলোজান সরকারের পতন ঘটানো অনাস্থা ভোটের সময় রোমানিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস (পিএসডি) ইউরোপপন্থী জোট সরকার থেকে বেরিয়ে যায়। পরে তারা কট্টর ডানপন্থী দলগুলোর সাথে মিলে সরকারের বিরুদ্ধে ভোট দেয়।

প্রেসিডেন্ট নিকুসর দান বারবারই স্পষ্ট করেছেন যে ক্রমবর্ধমান কট্টর ডানপন্থীদের অন্তর্ভুক্ত করে কোনো সরকার গঠন করা হবে না।

২০২৪ সালের ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে বিতর্কিতভাবে বাতিল হওয়ার পর পুনর্নির্ধারিত ভোটে ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন দান।

চলতি মাসের শুরুতে ভেস্তিয়াকে প্রধানমন্ত্রী মনোনীত করার পর এইউআর এক বিবৃতিতে বলেছিল, তার মনোনয়ন ‘বর্তমান সংকটকে আরো গভীর করবে।’ দলটি আগাম নির্বাচনেরও দাবি জানায়।

২০২৫ সালের জুনে ক্ষমতায় আসা বোলোজানের জোট সরকার বাজেট ঘাটতি কমাতে কর বৃদ্ধিসহ একাধিক অজনপ্রিয় কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নেয়।

ওই ঘাটতি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় হয়ে উঠে।

বিশ্লেষক ও জরিপ সংস্থা ইনস্কপ রিসার্চের প্রতিষ্ঠাতা রেমুস ইয়োয়ান বলেন, এখন প্রেসিডেন্টকে নতুন একজন প্রধানমন্ত্রী প্রস্তাব করতে হবে।

তিনি ফেসবুকে বলেন, ‘দ্বিতীয়বারও প্রস্তাবিত প্রার্থী প্রত্যাখ্যাত হলে অন্তবর্তী নির্বাচনের মতো চূড়ান্ত বিকল্প সামনে চলে আসবে।’

ইয়োয়ানের মতে, এটি হবে ‘দেশ, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের জন্য একটি বিপর্যয়’।

তিনি আরো বলেন, ‘এইউআর ছাড়া আর কোনো দল আগাম নির্বাচন থেকে লাভবান হবে না।’

সূত্র : এএফপি/বাসস