কিয়েভে হামলার পর রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দু’জন নিহত হয়েছে ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার মিত্র দেশগুলোর প্রতি রাশিয়ার ওপর আরো দ্রুত এবং কার্যকর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, রাশিয়া প্রায় ১৮টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪০০টি আক্রমণাত্মক ড্রোন হামলা চালিয়েছে।

তিনি আরো বলেছেন, নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করতে হবে এবং রাশিয়ার ওপর চাপ এত শক্তিশালী হতে হবে যেন তারা তাদের সন্ত্রাসের পরিণতি সত্যিই অনুভব করে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দু’জন নিহত হয়েছে ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। ইউক্রেনের ওপর এটি ছিল মস্কোর দ্বিতীয় বড় ধরনের হামলা।

রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ যখন মালয়েশিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওর সাথে দেখা করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এ হামলা চালানো হয়।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক টেলিগ্রামে এক বার্তায় বলেন, কিয়েভ অঞ্চলে রাতের বেলা শত্রুর এই ভয়াবহ আক্রমণ প্রায় ১০ ঘণ্টা স্থায়ী ছিল।

এদিকে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো জানান, রাশিয়ার হামলায় দু’জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরো ১৩ জন।

চলতি বছরে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে দুই দফা সরাসরি আলোচনায় দুই দেশের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিশ্চিত করার বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

সূত্র : বাসস