ইউক্রেনে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

রাশিয়ার হামলায় ১৬ জন শিশুসহ ১৫৯ জন আহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

রাশিয়া বৃহস্পতিবার (৩১ জুলাই) ইউক্রেনের কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছেন, ‘এর আগে দুই শিশুসহ নিহতের সংখ্যা ছিল ১৬ জন। আজ শুক্রবার উদ্ধারকারী দল সভিয়াতোশিনস্কি জেলার আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে আরো ১০টি লাশ উদ্ধার করার পর বর্তমানে নিহতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে।’

মন্ত্রণালয় আরো জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাশিয়ার হামলায় ১৬ জন শিশুসহ ১৫৯ জন আহত হয়েছে।

এদিকে শুক্রবার ভোরে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন। অঞ্চলটির সামরিক প্রশাসন টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবারের বোমা হামলার পর কিয়েভে শোক পালন করা হচ্ছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার বড় আক্রমণ শুরু করার পর থেকে রাজধানীতে দেখা সবচেয়ে ভয়াবহ ঘটনা।

অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার কয়েক ঘণ্টা পর তার মিত্রদের রাশিয়ায় ‘শাসন পরিবর্তন’ আনার আহ্বান জানান।

সূত্র : বাসস