ইউক্রেন সরকারে বড় ধরনের রদবদল, নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত

বৃহস্পতিবার পার্লামেন্টের অনুমোদনের পর ৩৯ বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো
ইউক্রেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো |সংগৃহীত

তিন বছর আগে রাশিয়ার সামরিক অভিযানের পর ইউক্রেনের সরকারে বড় ধরনের রদবদল হয়েছে। এর মধ্য দিয়ে ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (১৮ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার পার্লামেন্টের অনুমোদনের পর ৩৯ বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ডেনিস শ্যামিহালের স্থলাভিষিক্ত হয়েছেন। শ্যামিহাল ২০২০ সাল থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ছিলেন।

সিভিরিদেঙ্কো এর আগে উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই দায়িত্ব পালনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। এই বছরের শুরুতে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি স্বাক্ষরেও তার ভূমিকা ছিল।

সিভিরিদেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, তিনি দেশে অস্ত্র উৎপাদন বাড়ানো, সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধি ও অর্থনীতিকে সহায়তা করার ওপর গুরুত্ব দেবেন।

পদত্যাগ করা প্রধানমন্ত্রী ৪৯ বছর বয়সী শ্যামিহাল প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। মন্ত্রণালয়টি সম্প্রতি একাধিক দুর্নীতির অভিযোগের মুখে পড়েছে।

৫০ বছর বয়সী পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তার পদে বহাল থাকবেন। তবে জেলেনস্কি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করা ৩৯ বছর বয়সী ওলগা স্টেফানিশিনাকে যুক্তরাষ্ট্রে তার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। তার নিয়োগ যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্টেফানিশিনার ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এবং ট্রাম্প প্রশাসনের সাথে খনিজ চুক্তি নিয়ে আলোচনায়ও অংশ নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের বর্তমান রাষ্ট্রদূত ওক্সানা মার্কারোভা বিদায় নিচ্ছেন। এছাড়াও অন্যান্য পরিবর্তনের মধ্যে উপমন্ত্রী ওলেক্সি সোবোলেভ ও তারাস কাচকা যথাক্রমে অর্থনীতি, পরিবেশ ও কৃষিমন্ত্রী এবং ইউরোপীয় সংযুক্তিকরণ-বিষয়ক উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন।