ড্রোন হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর ক্ষতিগ্রস্ত

রাশিয়ার বাল্টিক উস্ত-লুগা বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয়বারের মতো ড্রোন হামলা।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার বাল্টিক উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলা
রাশিয়ার বাল্টিক উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলা |সংগৃহীত

রাশিয়ার বাল্টিক উস্ত-লুগা বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

দেশটির আঞ্চলিক গভর্নর আজ মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছে। এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয়বারের মতো ড্রোন হামলা।

রাশিয়ার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রাতে ৩৮টি ড্রোন ভূপাতিত করেছে।

গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো বলেন, ‘উস্ত-লুগা বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি জানান, রাতের এই হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন।

ফিনল্যান্ড উপসাগরের এ বন্দরটি রাশিয়ার সার, তেল ও কয়লা রফতানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সাম্প্রতিক দিনগুলোতে এটি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে।

ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার, ডিপো ও বন্দরসহ জ্বালানি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে। এই হামলার মূল লক্ষ্য রাশিয়ার যুদ্ধের অর্থ জোগান দেয়া রাজস্ব বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলাগুলো ন্যায্য।

রাশিয়ার কর্তৃপক্ষ গত বুধবার ও রোববার জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরে আগুনের ঘটনা ঘটেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা মধ্যপ্রাচ্যের লড়াইয়ের কারণে ব্যাহত হয়েছে।

সূত্র: বাসস