রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ৮

ইউক্রেনের খারকিভের একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় তিনজন নিহত এবং আরো ৩৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে হামলায় পাঁচজন নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
হামলায় ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় আটজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) রাতভর এসব হামলা চালানো হয়।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের মেয়র আইহোর তেরেখভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় তিনজন নিহত এবং আরো ৩৭ জন আহত হয়েছেন।

এদিকে ওডেসার গভর্নর ওলেহ কিপার জানান, রাশিয়ার হামলায় ১২ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি এলাকায় গাড়ি ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া পাভলোহরাদ শহরে একটি শপিং সেন্টারের কাছে এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে চার শিশুসহ মোট নয়জন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, মস্কো ঝিতোমির, মিকোলাইভ, কিয়েভ, খেরসন, সুমি, খারকিভ, দনিপ্রোপেত্রোভস্ক, জাপোরিঝিয়া ও দোনেৎস্ক অঞ্চলগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।

অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে রাতভর হামলায় পাঁচজন নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি