রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪

রাশিয়া রাতভর ২৭৩টি ড্রোন হামলা চালায়, যার মধ্যে ২৫২টি ভূপাতিত করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ |ফাইল ছবি

ইউক্রেনজুড়ে রাশিয়ার বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া ওই হামলায় একটি বন্দর ও একটি মাতৃসদনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ভোরে রাশিয়া ইউক্রেনজুড়ে ওই হামলা চালায়।

শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লাইসাক জানান, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় দু’জন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। হামলায় একটি মাতৃসদনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে ভবনের ভাঙা জানালা, ভেতরে ধ্বংসস্তূপ ও ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ কর্মীদের কাজ করতে দেখা গেছে।

ওডেসায় হামলা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘সাধারণ বেসামরিক জীবনের ওপর এটি নিখাদ সন্ত্রাস।’

শনিবার ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া রাতভর ২৭৩টি ড্রোন হামলা চালায়, যার মধ্যে ২৫২টি ভূপাতিত করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই আগ্রাসনে মস্কো প্রায় প্রতি রাতেই ড্রোন হামলা চালাচ্ছে। কিয়েভের অভিযোগ, রাশিয়া বেসামরিক লোকজনকে লক্ষ্য করে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে।

সূত্র : বাসস