চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১, এখনো নিখোঁজ ১০

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং পৌরসভায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে এবং ১০ জন এখনো নিখোঁজ রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
চীনে বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটে
চীনে বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটে |সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং পৌরসভায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে এবং ১০ জন এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

সিনহুয়ার তথ্যমতে, এলাকাটি থেকে এক হাজার ১০০ জনেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধারকৃত আহত ১০ জনের মধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

বৃষ্টিপাতের কারণে গত ১৭ জুলাই সকালে পেংশুই মিয়াও-এর হানজিয়া উপজেলা এবং তুজিয়া স্বায়ত্তশাসিত কাউন্টিতে অবস্থিত উজিয়াং নদীর একটি অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে ১০টিরও বেশি আবাসিক ভবন চাপা পড়ে।

কর্তৃপক্ষ এলাকাটিতে স্থল অনুসন্ধান অভিযান শেষ করেছে। তবে পানির নিচে অনুসন্ধান এবং নদী পরিষ্কারের কাজ এখনো চলছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি