ইন্দোনেশিয়ায় পাথর খনি ধসে নিহত ১০

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সিরেবন অঞ্চলের গুনুং কুদা খনিতে পাথর খনি ধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
উদ্ধারকারীরা হতাহতদের সন্ধান করছে
উদ্ধারকারীরা হতাহতদের সন্ধান করছে |সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি পাথর খনি ধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে পশ্চিম জাভার সিরেবন অঞ্চলের গুনুং কুদা খনিতে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বড় বড় পাথর সরাতে খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা বিধ্বস্ত এলাকা থেকে লাশ বের করার চেষ্টা করছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি বড় পাথর ও মাটির স্তূপ ধসে পড়ার পর ঘন ধুলোর ভেতর মানুষজন আতঙ্কে দৌড়ে পালাচ্ছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। তবে কতজন নিখোঁজ রয়েছে তা এখনো নির্দিষ্ট করে বলা যায়নি। তারা জানিয়েছে, তিনটি খননকারী যন্ত্রসহ ভারী যন্ত্রপাতি চাপা পড়ে গেছে এবং শনিবার পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

সিরেবন জেলার পুলিশপ্রধান সুমার্নি জানিয়েছেন, কষ্টসাধ্য উদ্ধার প্রচেষ্টার মাধ্যমে ইতোমধ্যে এক ডজন আহত ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ধসের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। খনি মালিক ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। পুলিশ, জরুরি কর্মী, সেনা সদস্য ও স্বেচ্ছাসেবক মোট পাঁচটি খননযন্ত্রের সাহায্যে এখনো আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। তবে দুর্বল মাটির কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। নতুন করে ধসের ঝুঁকি রয়েছে বলেও তিনি জানান।