আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করছে মস্কো ও পিয়ংইয়ং : পুতিন

পাশাপাশি মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক নজিরবিহীনভাবে বিস্তৃত কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে পৌঁছেছে বলেও উল্লেখ করেছেন পুতিন।

নয়া দিগন্ত অনলাইন
কিম জং উন ও ভ্লাদিমির পুতিন
কিম জং উন ও ভ্লাদিমির পুতিন

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে রাশিয়া এবং উত্তর কোরিয়া সমন্বিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পাশাপাশি মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক নজিরবিহীনভাবে বিস্তৃত কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে পৌঁছেছে বলেও উল্লেখ করেছেন পুতিন।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, উত্তর কোরিয়ার ৮১তম মুক্তি দিবস উপলক্ষে দেশটির শীর্ষ নেতা কিম জং উনকে পাঠানো এক টেলিগ্রাম বার্তায় পুতিন এ কথা বলেন। ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশ করা সেই বার্তায় রুশ প্রেসিডেন্ট বলেন, 'আমাদের দেশ দুটি সব ক্ষেত্রে সক্রিয়ভাবে সহযোগিতা করছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিজেদের পদক্ষেপ সমন্বয় করছে।'

বার্তায় পুতিন আরো আশাবাদ ব্যক্ত করে বলেন, 'রাশিয়া ও কোরিয়ার জনগণের কল্যাণে এবং আরো ন্যায়সংগত ও প্রকৃত গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার স্বার্থে' দুই দেশ দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়ের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে যৌথ কাজ অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের পর গত দুই বছরে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় এবং কোরীয় উপদ্বীপে দেশটির ৩৫ বছরের ঔপনিবেশিক শাসনের অবসান স্মরণে এই দিবসটি পালন করা হয়। উত্তর কোরিয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও দিবসটি পালিত হয়ে থাকে।