লেবাননের দক্ষিণ বৈরুতে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় দু’জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) ভোরে দক্ষিণ বৈরুতের জান্নাহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মেডিক্যাল টিম থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, পূর্ব সতর্কতা ছাড়াই ইসরাইল এই হামলা চালিয়েছে। দক্ষিণ বৈরুতের জান্নাহ এলাকায় একটি পার্ক করা গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
এর আগে গত ২ মার্চ ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল যে, লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর উত্তর ইসরাইলে সাইরেন বাজানো হয়েছে।
এরপর তারা ঘোষণা করেছে যে, তারা বৈরুতসহ লেবানন জুড়ে বিমান হামলা চালিয়েছে। দেশে স্থল অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে এবং আকাশ ও সমুদ্রপথে তীব্র আক্রমণ চালিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮৭ জনে দাঁড়িয়েছে এবং এক হাজার ৭৭৪ জন আহত হয়েছেন।
লেবানন সরকার জানিয়েছে, উত্তেজনা শুরু হওয়ার পর থেকে আট লাখ ২২ হাজার ৬০০ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



