থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মালবাহী ট্রেনের সাথে বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত আটজন নিহত এবং আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) বিকেলে শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এয়ারপোর্ট রেল লিংক স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটিসহ আশপাশের কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।
ব্যাংককের জরুরি সেবা কেন্দ্র ‘এরাওয়ান মেডিক্যাল সেন্টার’ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। ব্যাংকক পুলিশ প্রধান উরুমপর্ন কুনদেজসুমরিত জানিয়েছেন, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের থাইল্যান্ডের উপ-পরিবহনমন্ত্রী সিরিপং আংকাসাকুলকিয়াত বলেন, নিহতদের মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রেললাইনের ক্রসিংয়ে নিরাপত্তা ব্যারিয়ার নেমে যাওয়ার পর বাসটি কোনোভাবে লাইনের ওপর উঠে আটকে পড়ে। ঠিক তখন দ্রুতগতির মালবাহী ট্রেনটি এসে বাসটিকে ধাক্কা দেয়।
সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে কিছু দূর টেনে নিয়ে যায় এবং পরে বাসটিতে আগুন ধরে যায়। আগুন দ্রুত আশপাশের কয়েকটি যানবাহনেও ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর আশপাশের এলাকায় তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।
তবে উপ-পরিবহনমন্ত্রী সিরিপং এখনই নিশ্চিত করে বলতে চাননি বাসটি রেললাইনের ওপর কেন আটকে ছিল কিংবা নিরাপত্তা ব্যারিয়ার ঠিকভাবে নেমেছিল কি না। তিনি বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষ।
রেল নিরাপত্তা নিয়ে উদ্বেগ
দুর্ঘটনাস্থলটি ব্যাংককের অত্যন্ত ব্যস্ত একটি এলাকা। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মালবাহী ট্রেনটি চাচোয়েংসাও প্রদেশ থেকে ব্যাংককের ব্যাং সু জেলার দিকে যাচ্ছিল। অন্যদিকে বাসটি শহরের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠ থেকে কেন্দ্রীয় এলাকায় চলাচল করছিল।
ঘটনার পর থাইল্যান্ডের রেল যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে পুরোনো ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো নিয়ে উদ্বেগ বাড়ছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ব্যাংককের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে অন্তত ২৮ জন নিহত এবং ৬৪ জন আহত হন। ওই ঘটনার পরও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়া হয়েছিল।
সূত্র : আল জাজিরা



