দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বুধবার বেইজিংয়ে এক বিশাল কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, চীন ‘অপ্রতিরোধ্য’।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে শি বলেন, ‘চীনা জাতির পুনরুজ্জীবন অপ্রতিরোধ্য এবং শান্তি ও উন্নয়নের লক্ষ্যে মানবতার জয় হবে।’
বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।
শি আরো বলেন, ‘মানবতা আবারো শান্তি অথবা যুদ্ধ, সংলাপ অথবা সঙ্ঘর্ষ এবং সকল পক্ষের জয় বা ফলাফল শুন্য খেলা বেছে নেয়ার সম্মুখীন।’
বিশ্বজুড়ে জাতিগুলোকে ‘যুদ্ধের মূল কারণ নির্মূল ও ঐতিহাসিক ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধ করার’ আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘সাধারণ নিরাপত্তা তখনই সুরক্ষিত হতে পারে, যখন বিশ্বজুড়ে জাতিগুলো পরস্পরের সাথে বৈষম্যহীন ও সমানভাবে আচরণ করবে, সম্প্রীতিতে বাস করবে ও পারস্পরিকভাবে সমর্থন করবে।’
সূত্র : এএফপি/বাসস



