লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (৯ এপ্রিল) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় ২৪ জন নিহত হয়েছেন। এ সময় দক্ষিণাঞ্চলের কমপক্ষে ৫২টি শহর ও এলাকায় হামলা চালানো হয়।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সবচেয়ে মারাত্মক হামলাটি দক্ষিণাঞ্চলীয় শহর জারারিয়েহ-এর একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো হয়। এ হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।
আব্বাসিয়েহ-তে একটি পৃথক হামলায় আরো সাতজন নিহত হয়েছেন এবং জিবশিটে আরো তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বোর্জ কাল্লাউইয়েহ-তে একটি ইসরাইলি হামলায় চারজন প্যারামেডিক নিহত হয়েছেন। এই হামলায় বাড়িঘর, দোকানপাট, একটি মসজিদ এবং একটি বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রও ধ্বংস হয়ে যায়।
বিন্ট জেবেইল, খিয়াম, টায়ার দেব্বা, বাজৌরিয়েহ, কাফরা, হারুফ, তেবনিন ও তুলিনসহ দক্ষিণ লেবাননের কয়েক ডজন শহর ও গ্রামেও ইসরাইলি হামলা চালানো হয়েছে।
বৈরুতে ইসরাইলি যুদ্ধবিমান কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দক্ষিণাঞ্চলীয় উপশহরের শিয়া এলাকায় হামলা চালিয়েছে।
লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, বুধবার থেকে ইসরাইলি সেনাবাহিনী লেবাননের ওপর তাদের ব্যাপকতর হামলা অব্যাহত রাখার মধ্যেই এই হামলাগুলো চালানো হয়। এসব হামলায় ৩০৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো এক হাজার ১৫০ জন।
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান গত মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলেও এই আক্রমণ অব্যাহত ছিল। ২৮ ফেব্রুয়ারি তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন ও তেল আবিবের শুরু করা সঙ্ঘাত বন্ধ করার জন্য একটি বৃহত্তর চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এ সঙ্ঘাতে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন।
ইসলামাবাদ ও তেহরান বলেছে যে, এই যুদ্ধবিরতিতে লেবাননও অন্তর্ভুক্ত। তবে ওয়াশিংটন ও তেল আবিব তা অস্বীকার করেছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



