মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেছেন, ভারত কখনোই তার কৃষক ও জেলেদের স্বার্থের সাথে আপস করবে না। তিনি বলেছেন, যদিও তিনি জানেন যে তাকে ‘চড়া মূল্য দিতে হবে’, তবুও তিনি কৃষকদের জন্য এটি করতে প্রস্তুত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দিল্লিতে ‘এমএস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে’ ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ‘কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত তার কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থের সাথে কখনো আপস করবে না। এবং আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে চড়া মূল্য দিতে হবে, তবে আমি প্রস্তুত। ভারত দেশের কৃষক, জেলে ও পশুপালকদের স্বার্থে প্রস্তুত।’
যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরণের কৃষি পণ্য রফতানি করে ভারত। ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যেসব খাত ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে এটি অন্যতম।
গতকাল বুধবার ট্রাম্প রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার জন্য ‘জরিমানা’ হিসেবে ভারতীয় রফতানির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এর আগে, ২০ জুলাই যুক্তরাষ্ট্র ভারতীয় রফতানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। সব মিলিয়ে ভারতের রফতানি পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ‘অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।



