কেরালায় ভূমিধস-বন্যায় ৮ জনের মৃত্যু, আহত ১৩

ভারতের কেরালা রাজ্যজুড়ে ভারী বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যায় আটজনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) রাজ্যটির মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা |সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যজুড়ে ভারী বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যায় আটজনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) রাজ্যটির মুখ্যমন্ত্রী ভি ডি সতীশান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত শনিবার রাজ্যজুড়ে ভূমিধস, বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে আটজনের মৃত্যু হয়েছে, আটজন নিখোঁজ রয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন।

তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ২৭টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে, ১৯৬টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাজ্যজুড়ে ২০৯টি ত্রাণ শিবিরে পাঁচ হাজার ৭৯২ জনকে সরিয়ে নেয়া হয়েছে।

শনিবার থেকে বৃষ্টিপাত কমলেও মুখ্যমন্ত্রী জনগণকে, বিশেষ করে পাহাড়ি এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছেন। ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য তিনি রাজস্ব মন্ত্রী, বিভিন্ন জেলায় নিযুক্ত অন্যান্য মন্ত্রী এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) কেরালার ১২টি জেলার জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ এবং তিরুবনন্তপুরম ও কোল্লাম জেলার জন্য ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে। ৩ ও ৬ আগস্ট রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সূত্র: এনডিটিভি