নেপালে বিক্ষোভ : আগুনে পুড়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু

নেপালের কাঠমান্ডুতে সহিংস বিক্ষোভে সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকার দগ্ধ হয়ে মারা গেছেন।

নয়া দিগন্ত অনলাইন
নেপালে সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা
নেপালে সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা |সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান সহিংস বিক্ষোভ আরো ভয়াবহ রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের দেয়া আগুনে মৃত্যু হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা তার বাড়িতে ঢুকে আগুন দেয়। ওই সময় তিনি ঘরের মধ্যে ছিলেন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের দেয়া আগুনে রাজ্যলক্ষ্মী চিত্রকার গুরুতর দগ্ধ হন এবং পরে কির্তিপুর বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিক্ষোভকারীরা শুধু খনালের বাড়ি নয়, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও অন্যান্য শীর্ষ নেতাদের বাসভবনেও আগুন ধরান। নিজের বাসভবন পুড়ে যাওয়ার পর অলি পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, ‘বর্তমান সঙ্কটের সাংবিধানিক সমাধানের পথ তৈরি করতে আমি পদত্যাগ করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পৌডেলকে (৬৫) রাজধানীর রাস্তায় বিক্ষোভকারীরা তাড়া করে ধরে লাথি ও ঘুষি মারছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে।