পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু, আহত ৯২

পাকিস্তানের পাঞ্জাবে ভারী বর্ষণ ও ঝড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৯২ জন।

নয়া দিগন্ত অনলাইন
ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে
ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে |সংগৃহীত

পাকিস্তানের মধ্য-পূর্ব পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ঝড়ের কারণে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো আরো ৯২ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ মে) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাঞ্জাবের বিভিন্ন অংশে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থানের কারণে ১০ জনের বেশি মানুষ মারা গেছেন।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পাকিস্তান টেলিভিশন জানিয়েছে, স্থানীয় একটি কারখানার ছাদ ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।

এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বলেও জানা গেছে। ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, গত শুক্রবার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া, ধুলিঝড় ও বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল।