আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় ওই বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে বলে শনিবার জানিয়েছে আফগান সেনাবাহিনী ও পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই ওই পাইলট প্যারাসুট নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন এবং পরে তাকে আটক করা হয়।
পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, ‘জালালাবাদ শহরের ষষ্ঠ জেলায় একটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং এর পাইলটকে জীবিত আটক করা হয়েছে।’
পূর্ব আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদি নিশ্চিত করেছেন, আফগান বাহিনীর অভিযানে পাকিস্তানি বিমানটি ভূপাতিত হয়েছে এবং পাইলটকে জীবিত অবস্থায় বন্দী করা হয়েছে।
সূত্র : বাসস



