ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালীর সংকটের প্রভাবে ভারতে আবারও পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে; গত ১০ দিনের মধ্যে এটি চতুর্থ দফা বৃদ্ধি। জ্বালানি সরবরাহে চাপ সামাল দিতে ভারত রাশিয়া থেকে তেল আমদানিও বাড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিগুলো পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। গত ১০ দিনের মধ্যে এটি চতুর্থ দফা মূল্যবৃদ্ধি।

বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলোর একটি ভারতের জ্বালানি সরবরাহে যুদ্ধের প্রভাব পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে পরিবহনের জ্বালানির দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। একই সময়ে ইরান হরমুজ প্রণালীতে প্রায় পূর্ণ অবরোধ আরোপ করে। বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত সাধারণত এই নৌপথ দিয়েই প্রায় অর্ধেক অপরিশোধিত তেল আমদানি করে।

দেশজুড়ে জ্বালানির দাম ভিন্ন হলেও সর্বশেষ সমন্বয়ের পর প্রতি লিটারে গড়ে দুই রুপির কিছু বেশি দাম বেড়েছে।

নয়াদিল্লিতে পেট্রোলের দাম ৯৯.৫ রুপি থেকে বেড়ে ১০২.১২ রুপিতে উঠেছে। ডিজেলের দাম হয়েছে ৯৫.২০ রুপি।

কয়েক দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আমদানি ব্যয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ প্রয়োজন।

জাহাজ চলাচল পর্যবেক্ষণ ও আমদানি তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ঘাটতি মোকাবিলায় ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র সাময়িকভাবে নিষেধাজ্ঞা ছাড় দেওয়ার পর এই আমদানি আরও বেড়েছে।

এর আগে চলতি মাসে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদ্বীপ সিং পুরি বলেছিলেন, তেল বিপণন কোম্পানিগুলোর আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দৈনিক লোকসান ১২ কোটি ডলারে পৌঁছেছে। তবে নিরবচ্ছিন্ন জ্বালানি আমদানি ও সরবরাহ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

সূত্র : বাসস