ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার ভারতীয় সময় সকাল ৭টা থেকে বুথে বুথে ভোটগ্রহণের কাজ শুরু হয়েছে। এর আগে, ভোর ৫টা থেকে শুরু হয় ‘মক পোলিং’।
এই দফায় কলকাতার ভবানীপুর আসন থেকে মুখোমুখি প্রতিদ্বন্দিতা করছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
‘মক পোলিং’ হলো ভোটগ্রহণ শুরু হওয়ার আগে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোটযন্ত্র ঠিক মতো কাজ করছে কি না, তা যাচাই করিয়ে নেয়ার পদ্ধতি।
দ্বিতীয় ও শেষ দফায় রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে। এর আগে ২৩ এপ্রিল ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল।
রাজ্যের মোট ২৯৪টি কেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ মে। প্রথম দফায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণই থেকেছে।
প্রথম দফা ভোটে ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে, যা নজিরবিহীন বলেই জানিয়েছিল নির্বাচন কমিশন।
এই দফাতেও ভোট অবাধ ও সুষ্ঠু করতে সচেষ্ট কমিশন।
ভবানীপুরে মমতা ব্যানার্জির বাড়ি। তিনি এবারো লড়ছেন এই আসন থেকে। তবে এবারের ভোটযুদ্ধ ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ মমতা ব্যানার্জীর ‘ঘরের মাঠে’ এবারে তার মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অবশ্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকেও প্রার্থী হয়েছেন।
গত বিধানসভা নির্বাচনে, ২০২১ সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেও মুখোমুখি হয়েছিলেন এই দুই হেভিওয়েট। সেবার ওই আসনে পরাজিত হয়েছিলেন মমতা ব্যানার্জি।
এবারের নির্বাচনে তারই যেন পুণরাবৃত্তি হচ্ছে কলকাতার ভবানীপুরে।
দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ পর্বে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমানে ভোট নেয়া চলছে।
দ্বিতীয় দফায় ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে একদিকে যেমন পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে তেমনই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো।
জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, পুলিশের তল্লাশি অভিযান চলছে। আইন-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ধরপাকড়ও চলছে।
সূত্র : বিবিসি



