পশ্চিমবঙ্গে হেরে গেলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

মন্তেশ্বর কেন্দ্রে সৈকত পাঁজার আগে বিধায়ক ছিলেন তার বাবা সজল পাঁজা। সজল পাঁজা তৃণমূলের হয়ে এখান থেকে বিজয়ী হয়েছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সিদ্দিকুল্লাহ চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সিদ্দিকুল্লাহ চৌধুরী |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (এআইটিসি) প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিজেপি প্রার্থী সৈকত পাঁজার কাছে পরাজিত হয়েছেন।

সোমবার (৪ মে) বিকেলে একটি সূত্রে জানা গেছে, জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি সিদ্দিকুল্লাহর চেয়ে সৈকত পাঁজা ১৪ হাজার ৭৯৮ ভোট বেশি পেয়েছেন।

এর আগেই, পশ্চিমবঙ্গের বিদায়ী গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী নিশ্চিত হার বুঝতে পেরে আগেভাগেই ভোট গণনাকেন্দ্র ত্যাগ করেন।

মন্তেশ্বর কেন্দ্রে সৈকত পাঁজার আগে বিধায়ক ছিলেন তার বাবা সজল পাঁজা। সজল পাঁজা তৃণমূলের হয়ে এখান থেকে বিজয়ী হয়েছিলেন।

২০১৬ সালে মন্তেশ্বরের প্রথম তৃণমূল বিধায়ক হয়েছিলেন সজল পাঁজা। আচমকা তার মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হয়। সে সময় তৃণমূল টিকিট দিয়েছিল মৃত বিধায়ক সজলের ছেলে সৈকতকে। তৃণমূলের টিকিটে বড় ব্যবধানে জিতেছিলেন সৈকত।

২০২১ সালে বিধানসভার ভোটের আগে সৈকত বিজেপিতে যোগ দেন। সোমবার জয়ের পরে সৈকত বলেন, ‘মন্তেশ্বরে গ্রন্থাগার মন্ত্রীকে হারিয়ে আনন্দ পেয়েছি। আজ অন্য রকম একটা দিন। মন্তেশ্বরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ।’