পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ফিলিস্তিনের জন্য জাতিসঙ্ঘের পূর্ণ সদস্যপদ, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, খাদ্য সহায়তার নিরবচ্ছিন্ন বিতরণ এবং অবরুদ্ধ উপত্যকায় মানবতাবিরোধী অপরাধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
জাতিসঙ্ঘে একটি উচ্চস্তরের বৈশ্বিক আলোচনায় ভাষণ দিতে গিয়ে ইসহাক দার বলেন, ‘সহায়তা অবরোধ এবং শরণার্থী শিবির, হাসপাতাল ও ত্রাণ কনভয়সহ বেসামরিক অবকাঠামোগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা বৈধতা ও মানবতার সব সীমারেখা অতিক্রম করেছে। এই সমষ্টিগত শাস্তি অবিলম্বে বন্ধ করতে হবে।’
’ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের বাস্তবায়ন’ শীর্ষক ওই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে সৌদি আরব ও ফ্রান্স।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির জন্য ইউরোপীয় দেশগুলোর সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, ‘আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং অন্য দেশগুলোকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে এই বৈশ্বিক ধারা এগিয়ে নিতে উৎসাহিত করছি।’
ফিলিস্তিনের বিশ্বব্যাপী স্বীকৃতি এবং জাতিসঙ্ঘের পূর্ণ সদস্যপদ লাভের আহ্বান জানিয়ে তিনি বলেন, গাজা আজ আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির কবরস্থানে পরিণত হয়েছে।
পাকিস্তানের প্রতিশ্রুতি জানিয়ে দার বলেন, শুধু রাজনৈতিক বিবৃতি নয়, পাকিস্তান ফিলিস্তিনের প্রাতিষ্ঠানিক ও মানবসম্পদ উন্নয়নে বাস্তব অবদান রাখতে প্রস্তুত।
তিনি আরো বলেন, ‘ফিলিস্তিনি নেতৃত্বের সাথে সমন্বয় করে জনপ্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা ও পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের প্রযুক্তিগত সহায়তা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে পাকিস্তান প্রস্তুত।’



