পশ্চিমবঙ্গ নির্বাচনে ভোটাধিকার ফিরে পেতে পারেন বাদ পড়া একাংশ ভোটার

এই তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন সেসব ভোটার, যাদের নাম বিশেষ নিবিড় সংশোধনের পর মূল তালিকা থেকে বাদ পড়েছিল, কিন্তু অ্যাপিলেট ট্রাইব্যুনালের বিবেচনায় বৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল |ফাইল ছবি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বের প্রাক্কালে সোমবার প্রকাশিত হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। বিবিসিকে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল।

এই তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন সেসব ভোটার, যাদের নাম বিশেষ নিবিড় সংশোধনের পর মূল তালিকা থেকে বাদ পড়েছিল, কিন্তু অ্যাপিলেট ট্রাইব্যুনালের বিবেচনায় বৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন।

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে সাবেক বিচারপতিদের নেতৃত্বে পশ্চিমবঙ্গে গঠন করা হয়েছে ১৯টি আপিলেট ট্রাইব্যুনাল। এখানে বাদ পড়া ভোটাররা নিজেদের আবেদন বা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে পারেন।

শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, যেসব আবেদন বা আপত্তির নিষ্পত্তি প্রথম ও দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে, অর্থাৎ ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে এবং যাদের বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি দেবে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তারা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রথম দফার ভোটগ্রহণ শুরুর প্রায় ২৪ ঘণ্টা আগে, ২২ এপ্রিল নির্বাচন কমিশন ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি তালিকা-১’ প্রকাশ করে। ওই তালিকার মাধ্যমে নতুন করে ভোটাধিকার ফিরে পান ১৩৯ জন বাদ পড়া ভোটার। অন্যদিকে, মোট আটজন ভোটার বাদ পড়েন।

২২ এপ্রিলের মধ্যে অ্যাপিলেট ট্রাইব্যুনালে মোট ৬৫৭টি আবেদন ও আপত্তির নিষ্পত্তি হয়েছে।

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর মোট প্রায় ৯১ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায়। নির্বাচনের ঠিক আগে এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া, বিশেষ করে রাজ্যের মুসলিম-অধ্যুষিত এলাকা থেকে, অনেক বিতর্কের সৃষ্টি করে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল, রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই দফায় মোট ভোটারের সংখ্যা ইতোমধ্যেই ৩ কোটি ২১ লাখ ছাড়িয়েছে।

সূত্র : বিবিসি