মক্কা চুক্তিতে এই মুহূর্তে অন্য কোনো দেশকে নেয়া হচ্ছে না : পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং এ বিষয়ে কোনো আলোচনাও চলছে না।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাজ্জাদ হায়দার
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাজ্জাদ হায়দার |সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এবং এ বিষয়ে কোনো আলোচনাও চলছে না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাজ্জাদ হায়দার এ কথা বলেন।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক, যারা বর্তমানে এই জোটের অংশ, তারা বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক ও পরামর্শ করছে এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। তবে এই মুহূর্তে মক্কা চুক্তি সম্প্রসারণ বা নতুন দেশ অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব বিবেচনায় নেই।’

সাজ্জাদ হায়দার আরো বলেন, সবার আগে এই তিন দেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় তাদের বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করতে হবে। এর ফলে ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন রয়েছে- এমন অন্যান্য দেশের জন্য এই জোটে যোগদানের পথ উন্মুক্ত হতে পারে।

তার মতে, সংশ্লিষ্ট তিন দেশ পারস্পরিক পরামর্শের মাধ্যমে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মুখপাত্র বলেন, বর্তমানে এই বিষয়ে কোনো আলোচনা চলছে না। তাই এই পর্যায়ে নতুন দেশ অন্তর্ভুক্তির প্রশ্ন তোলাও সময়ের আগে হয়ে যায়।

সূত্র : বিবিসি