পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুই

আজ শুক্রবার বিজেপির বৈঠকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। ওই বৈঠকে ছিলেন অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

নয়া দিগন্ত অনলাইন
অমিত শাহ ও শুভেন্দু অধিকারী
অমিত শাহ ও শুভেন্দু অধিকারী |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জীকে পরাজিত করা-সহ দুই আসনে জয়ের বড় পুরস্কার মিলল তার।

আজ শুক্রবার বিজেপির বৈঠকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। ওই বৈঠকে ছিলেন অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

আগামীকাল শনিবার ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী।

অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা বেছে নেয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম উঠে এসেছে।

তিনি জানান, যারা প্রস্তাব দিয়েছেন, তারা সকলেই শুভেন্দু অধিকারীর নাম বলেছিলেন। শুভেন্দু অধিকারী ছাড়া আর কোনো নাম উঠে আসেনি।

তবে এর আগে আরো কয়েকজনের নাম গণমাধ্যমে ওঠে এসেছিল।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজেপির বিজয়ের ফলে মমতা ব্যানার্জীর দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটে এবং তার রাজনৈতিক জীবনে এটি অন্যতম বড় একটি ধাক্কা।

এই ঘটনার মাধ্যমে পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটল।

শুভেন্দু অধিকারী, যিনি একসময় মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০২০ সালের ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন, তিনিই স্পষ্ট প্রার্থী হিসেবে আবির্ভূত হন। তিনি ২০২১ সালে নন্দীগ্রামে মমতা ব্যানার্জীকে পরাজিত করেন এবং সম্প্রতি তার ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটি ভবানীপুর আসনে ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হন।