নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরো ৫৫৮ জন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৬৪ জনের লাশ চিতওয়ান জেলার ভাটির এলাকা থেকে এবং আরো ২৬ জনের লাশ নওয়ালপরাসি ইস্ট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এখনো নিখোঁজ থাকা শত শত মানুষের মধ্যে ২৮ পুলিশ কর্মকর্তা রয়েছেন।
তিব্বতের গিয়িরং কাউন্টিতে ভূমিধসে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি আজ সকালে এ তথ্য জানিয়েছে।
সিসিটিভি জানায়, নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশী নাগরিক রয়েছেন এবং মৃতের সংখ্যা তিনই রয়েছে।
গিয়িরং সীমান্তটি চীন ও নেপালের মধ্যে পর্যটক ও যানবাহন চলাচলের প্রধান সংযোগস্থল।
এদিকে, জঙ্গল সাফারির জন্য পরিচিত পর্যটন কেন্দ্র চিতওয়ানসহ বেশ কয়েকটি পৌরসভায় বন্যার পানি বাড়তে থাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
গত বুধবার যৌথ সীমান্তে ভূমিধস শুরু হওয়ার পরপরই রাষ্ট্রীয় গণমাধ্যম ‘ব্যাপক হতাহতের’ খবর জানিয়েছিল।
সূত্র : বিবিসি



