ভারতের আসাম রাজ্যের হোজাই জেলার বিন্নাকান্ডি আসন থেকে আবারো বিধায়ক নির্বাচিত হয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) প্রধান ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা বদরুদ্দিন আজমল।
সোমবার (৪ মে) ঘোষিত রাজ্য নির্বাচনের ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাম জাতীয় পরিষদের প্রার্থী রেজাউল করিমের চেয়ে ৩৪,০০০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।
দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদীস সম্পন্নকারী মাওলানা বদরুদ্দিন আজমল পেয়েছেন ১,১৭,৫৪৯ ভোট এবং রেজাউল করিমের প্রাপ্ত ভোট সংখ্যা ৮৩,৭৯৩।
বিজয়ী হওয়ার পর বদরুদ্দিন আজমল এক প্রতিক্রিয়ায় বলেন, ‘জনগণ আমাদের জিতিয়েছে। আল্লাহর রহমতে আমি সবাইকে ধন্যবাদ জানাই।’
পাশাপাশি রাজ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের (আইএনসি) পরাজয়ের কারণও জানিয়েছেন ধনকুবের এই রাজনীতিবিদ। কংগ্রেসের পরাজয়ের কারণ জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা কেবল মুসলিম ভোটের পেছনে ছুটতেই হেরেছে।’
উল্লেখ্য, আসামে এবারো সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)।



