ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে টানা ভারী বর্ষণে ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া এসব পৃথক দুর্ঘটনায় অন্তত চারজন শ্রমিক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সাথে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন জোয়ান নিখোঁজ রয়েছেন।
এনডিটিভি শনিবার (১৫ আগস্ট) জানায়, অরুণাচলের আপার সুবানসিরি জেলায় কেওজারিং-ব্যাচিং সড়কের নির্মাণকাজের স্থানে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে দিবাং ভ্যালি জেলায় টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যার তোড়ে ভেসে যায় পাসু পানি সেনাশিবিরে থাকা ৫ম গ্রেনেডিয়ার্সের দুটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র। সে সময় সাতজন সেনা সদস্য ভেসে যান। দ্রুত অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন। নিখোঁজ জোয়ানদের সন্ধানে পার্শ্ববর্তী সেনাশিবিরগুলো থেকে একাধিক উদ্ধারকারী দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
টানা মৌসুমি বৃষ্টির কারণে পাহাড়ি এই রাজ্যটিতে বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে এখন পর্যন্ত ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। চলতি মাসের শুরুতে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকাশ করা একটি প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে অরুণাচলের ২৩৫টি সড়ক, ৪০টি সেতু, ৭৫টি কালভার্ট, ৩৭৩টি পানি সরবরাহ ব্যবস্থা এবং ১৬১টি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৮২৩টি বৈদ্যুতিক খুঁটি, ৬৬টি সেচ প্রকল্প, ১২২টি সরকারি ভবন, ৪১টি বিদ্যালয় ও ১২টি জলবিদ্যুৎ প্রকল্পসহ বহু সরকারি সম্পদ ভেঙে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার কথাটি ছিল ট্রাম্পের 'নিছক মশকরা'



