ভারতের আসামে বন্যায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ প্রতিবেদন ও তথ্য ব্যবস্থাপনা সিস্টেমের (ডিআরআইএমএস) সর্বশেষ রিপোর্টে এ তথ্য জানা গেছে।
মৃতদের মধ্যে সাতজন চরাইদেও জেলার, ছয়জন শিবসাগর জেলার এবং একজন জোরহাট জেলার।
সর্বশেষ বন্যা বুলেটিন অনুসারে, ১২টি জেলাজুড়ে সাত লাখ পাঁচ হাজার ১৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৩৭টি রাজস্ব সার্কেলের অধীনে ৮৫৬টি গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়াও ৫৬ হাজার ৬০৬ হেক্টরেরও বেশি ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
শিবসাগরে তিন লাখ ৪৮ হাজার ৫৫৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা। এরপরে চরাইদেও এক লাখ ৮৮ হাজার ৪০৪ জন এবং জোরহাটে এক লাখ ২৬ হাজার ৭৯৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বর্তমানে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো গোলাঘাট, চরাইদেও, ডিব্রুগড়, হোজাই, নগাঁও, বিশ্বনাথ, জোড়হাট, ধেমাজি, শিবসাগর, সোনিতপুর, কামরূপ (মেট্রো) ও কার্বি আংলং।
সূত্র: এনডিটিভি



