প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তরের বিক্ষোভ এলাকায় দুষ্কৃতকারী ধরতে ফেস রিকগনিশন বা মুখ শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার করছে দেশটির সরকার।
এই প্রযুক্তির মাধ্যমে গত ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত দুই হাজার ৫০০ ব্যক্তি শনাক্ত করা হয়েছে যাদের অপরাধের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, ২০ জুলাই যন্তর মন্তরে যেভাবে উত্তপ্ত ও বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই হামলাকারীদের চিহ্নিতকরণের জন্য এ ব্যবস্থা নেয়া হয়।
পুলিশের দাবি, প্রতিবাদের ভিড়ে বহু দুষ্কৃতী ঢুকে পড়েছিল। পুলিশসদস্যদের উপর তারা ছুরি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। আড়াই হাজারেরও বেশি এ রকম হামলাকারীকে গত তিন দিনের মধ্যে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, প্রতিবাদস্থলের মূল প্রবেশদ্বার এবং বেরোনোর পথে ‘মুখ চিহ্নিতকরণ’ ব্যবস্থা বসানো হয়েছে। এ ছাড়াও বিক্ষোভস্থলের আশপাশে আরও দু’টি এই ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। যা সরাসরি দিল্লি পুলিশের ডেটাবেসের সঙ্গে সংযুক্ত। ভিড়ের মাঝে কোনও শীর্ষ অপরাধী বা অপরাধের ইতিহাস রয়েছে এমন কেউ ঢুকে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন কি না, সব কিছু নজরদারি চালানো হচ্ছে ওই ফেস রিকগনিশন সিস্টেম বা এফআরএস-এর মাধ্যমে। এখন পর্যন্ত ১৫টি মামলা করেছে দিল্লি পুলিশ। সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশের উপর হামলায় কারা জড়িত ছিলেন, তাঁদেরও চিহ্নিত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা।



