ভারতের আসামে অবতরণের সময় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে আসামের জোরহাটের বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে।
প্রাথমিক প্রতিবেদন অনুসারে, অবতরণের সময় ‘এএন-৩২’ বিমানটি বিমানঘাঁটির চত্বরের মধ্যেই বিধ্বস্ত হয় এবং দুর্ঘটনার পর আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি মোকাবেলা করতে জরুরি উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
ভারতীয় বিমান বাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
এএন-৩২ বিমানটি প্রতিকূল পরিবেশে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। এটি ৭ দশমিক ৫ টন পর্যন্ত পণ্য, ৫০ জন যাত্রী বা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে। প্রত্যন্ত অঞ্চলে রসদ সরবরাহের জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এর আগে, আসামের কার্বি আংলং জেলায় একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান দুর্ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছিলেন। এর কয়েক মাস পরেই এ দুর্ঘটনাটি ঘটল।
সূত্র: এনডিটিভি



