পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তি হয়েছে : ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘আমরা এমন একটি তেল কোম্পানি খুঁজছি, যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন পাকিস্তান থেকে ভারতে তেল রফতানি হবে।’

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, তার প্রশাসন পাকিস্তানের সাথে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। পাকিস্তানের সাথে করা এই চুক্তিতে দেশটির ‘বিশাল’ তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমরা এমন একটি তেল কোম্পানি খুঁজছি, যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন পাকিস্তান থেকে ভারতে তেল রফতানি হবে।’

এই চুক্তির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তবে ট্রাম্প জানান, বুধবার হোয়াইট হাউজে তার প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক করবে এবং বর্তমানে তার প্রশাসন ‘বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে’।

তিনি আরো জানান, অন্যান্য দেশগুলোও শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে বড় ভূমিকা রাখবে। তবে এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন ‘উপযুক্ত সময়ে’ প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট আগামী ১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। এর মধ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করবে না, তাদের ওপর বর্তমান ১০ শতাংশ শুল্কের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করা হবে। তবে চীনের জন্য এই সময়সীমা বাড়িয়ে ১২ আগস্ট করা হয়েছে।

চীনের সাথে চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের চীনের সাথে আলোচনা ভালোই চলছে। আমি মনে করি সবকিছু খুব ভালোভাবে শেষ হবে। আমরা একটি সুষ্ঠু চুক্তি করতে পারব।’

এছাড়াও তিনি ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ভারতের শুল্ক বিশ্বের মধ্যে সর্বোচ্চ এবং দেশটি সবচেয়ে কঠিন ও অযৌক্তিক অ-আর্থিক বাণিজ্য বাধা দিয়ে রেখেছে বলেও জানান তিনি।

ইতোমধ্যে যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। তবে অনেক চুক্তির বিষয়বস্তু এখনো আলোচনার মধ্যে রয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি