আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ১২ জন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছে বলে শনিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, বাসটি বাদাখশান প্রদেশের একটি সড়ক দিয়ে প্রাদেশিক রাজধানী ফাইজাবাদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় নিহতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে এবং আহতদের অবস্থা গুরুতর।
আফগানিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা, যার একটি বড় কারণ হলো দীর্ঘদিনের সংঘাতের পর দুর্বল সড়ক ব্যবস্থা, বেপরোয়া গাড়ি চালানো এবং নিয়ম-নীতির অভাব।
গত বছরের আগস্টে ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের বহনকারী একটি বাস পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে দুর্ঘটনায় পড়ে। এতে ৭৮ জন নিহত হয়, যাদের মধ্যে এক ডজনেরও বেশি শিশু ছিল।
কর্তৃপক্ষের মতে, ওই বাসটির সাথে একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল, যা সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়।
এছাড়া, গত বছরের আগস্টের শেষের দিকে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি বাস উল্টে গিয়ে ২৫ জন নিহত হয় বলে কর্মকর্তারা জানান।
সূত্র : এএফপি/বাসস



