ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা আন্দোলনের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কথিত অশালীন ও আপত্তিকর ভাষার পোস্টগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে দিল্লি পুলিশ।
বেশ কয়েকটি প্ল্যাটফর্ম পুলিশের কাছ থেকে নোটিশ পেয়েছে এবং চিহ্নিত করা বেশিভাগ ভিডিও, মন্তব্য ও পোস্ট ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে।
জানা গেছে, পুলিশের একটি দল নিয়মিত কনটেন্ট চেক করছে। নতুন কিছু সামনে এলেই নোটিশ পাঠাচ্ছে এবং প্ল্যাটফর্মগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর বিক্ষোভ শেষ হওয়ার একদিন পরেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ধর্মেন্দ্রর পদত্যাগ ছাড়াও সিজেপির আরো দু’টি দাবিতে সরকার রাজি হওয়ার পর, এক মাসের কিছু বেশি সময় ধরে চলা ছাত্র-আন্দোলনটি গত শনিবার (২৫ জুলাই) প্রত্যাহার করা হয়।
পুলিশের এই কঠোর পদক্ষেপের বিষয়ে সিজেপি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: এনডিটিভি



