ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির সিনিয়র নেতা ইউনাম খেমচাঁদ সিং। তিনি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিজেপি বিধায়ক দলনেতা নির্বাচিত হয়েছেন।
সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের বিধায়ক দলের নেতারাই ভারতের রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী হন।
এন বীরেন সিং পদত্যাগ করার পর থেকে গত প্রায় এক বছর ধরে রাষ্ট্রপতি শাসন চলছে মণিপুরে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সম্ভবত উপ-মুখ্যমন্ত্রী হবেন নেমচা কিপগেন।
খেমচাঁদ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সমাজের আর কিপগেন কুকি গোষ্ঠীর মানুষ। খেমচাঁদ সিং এর আগে রাজ্য বিধানসভার স্পিকার ও ক্যাবিনেট মন্ত্রী ছিলেন।
সেরাজ্যের সংখ্যাগরিষ্ঠ, প্রধানত হিন্দু ধর্মাবলম্বী মেইতেই আর কুকি-জো উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে ২০২৩ সালের মে মাস থেকে সংঘর্ষ শুরু হয়। তখন থেকেই মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি উঠছিল। তবে শেষমেষ তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন।
ওই জাতিগত দাঙ্গায় আড়াই শ’রও বেশি মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ এখনো ঘরছাড়া। কয়েকটি ধর্ষণের ঘটনাও ঘটেছে।
নিরাপত্তা বাহিনীগুলো মেইতেই আর কুকি এলাকার মধ্যে ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকে এবং এক পক্ষ অন্যের এলাকায় সাধারণত প্রবেশ করে না।
সূত্র : বিবিসি



