ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে একটি চারতলা ভবন ধসে সাতজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। ভবনটিতে মেরামতের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পাওয়ারলুম শহরটির বালাজি নগর এলাকার কোহিনুর বিল্ডিংয়ের একটি অংশ ধসে পড়ে।
পৌরসভার কর্মকর্তারা জানান, ভবনটিতে ৪৮টি কক্ষ ছিল, প্রতিটি তলায় ১২টি করে। পৌর সংস্থা আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল।
এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাসিন্দারা ভবনটি থেকে ফাটলের শব্দ শুনতে পান। স্থানীয়রা দ্রুত অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে কিছু বাসিন্দা তখনো বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ভবনটির একাংশ হঠাৎ ধসে পড়ে।
ঘটনার পরপরই বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি



